এটিএম থেকে বিকাশ-এ রেমিটেন্সের অর্থ ক্যাশ আউট চার্জ ৭টাকা

৯ অক্টোবর, ২০২৪ ১৪:৫০  

এখন প্রবাসীর স্বজনরা বিকাশ-এ পাঠানো রেমিটেন্সের টাকা যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং যেকোনো কিউ-ক্যাশ চিহ্নিত এটিএম বুথ থেকে সহজেই ক্যাশ আউট করতে পারছেন হাজারে মাত্র ৭ টাকা চার্জে। এছাড়াও দুটি প্রিয় এজেন্ট থেকে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে ক্যাশ আউট করার পাশাপাশি এটিএম বুথ থেকে সাশ্রয়ে ক্যাশ আউট করা যায়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। এতে জানানো হয়, দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে এই সুবিধা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।

দেশে থাকা প্রিয়জনদের কাছে বৈধপথে সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারায় প্রবাসীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর রেমিটেন্স সেবা। বর্তমানে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঙ্গে নিয়ে প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল করে রিজার্ভকে শক্তিশালী করছে, যা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।